Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। উদ্ধার হওয়া যানবাহনগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের প্রথম পর্যায়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান ও এসআই মো. শাকিল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বেলতলা মোড়ে অভিযান চালান। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100 সিসি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বসতবাড়ি থেকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Discover 125 সিসি এবং একটি লাল রঙের Hero HF Deluxe 100 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মো. আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মো. ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মো. আশিক (২২)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি—শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫)—পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF