Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, জব্দ ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, জব্দ ৩ কোটি টাকার চোরাচালান পণ্য


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, বেনারসি শাড়ি, মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোনামসজিদ বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর কলেজের সামনে একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়।

ট্রাকটিতে থাকা পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। ট্রাক ও জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এর পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে খড়কপুর বিওপির বিশেষ টহলদল। সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দ করা মোবাইল ফোন ও ইজিবাইকের আনুমানিক মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা সামগ্রী ও যানবাহনের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা চোরাচালান পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF