Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক, তদন্তে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক, তদন্তে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ


বিশেষ প্রতিবেদক | বাস্তব কণ্ঠ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দুদকের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আজকের পত্রিকা।

দুদক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে।

দুদকের এক কর্মকর্তা বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধানের আওতায় আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থপাচার করে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।

তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। অনুসন্ধান শেষে তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF