মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে পৌর এলাকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের করণীয় তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না; নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। নাগরিকদের সচেতন করতে মাইকিং ও প্রচার-প্রচারণাও চালানো হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হবে।
এ সময় পৌর কর্তৃপক্ষ নাগরিকদের নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানায়।