Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : নারায়ণপুরে বন্যার্তদের পাশে জেলা প্রশাসন, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ

নারায়ণপুরে বন্যার্তদের পাশে জেলা প্রশাসন, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। দুর্গত এলাকায় সরেজমিন পরিদর্শন করে বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী।

রোববার (১৫ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক পানিবন্দি মানুষের হাতে শুকনো খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। এ সময় তিনি দুর্গতদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটসহ সার্বিক সমস্যার খোঁজ নেন।

পরিদর্শনের সময় সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক। তিনি পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে পানিতে ডুবে নিহত এক শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

নিখোঁজ ব্যক্তির পরিবার ও পানিতে ডুবে নিহত শিশুটির পরিবারের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ সদস্যরা ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্গতদের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF