Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ১৮ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়

১৮ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | বাস্তব কণ্ঠ

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনা মতবিনিময় করবেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই এ বৈঠকের খবর সামনে এসেছে।

টাইমস অব বাংলাদেশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা ওই মতবিনিময় সভায় অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও সভায় উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। তবে বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত নেই বলেও তিনি জানিয়েছেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: টাইমস অব বাংলাদেশ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF