Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্য ফরহাদকে কুপিয়ে-গুলি করে হত্যা

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্য ফরহাদকে কুপিয়ে-গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে ফরহাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তার বন্ধু সাকিব দাবি করেন, পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

হামলার পর ফরহাদ গুরুতর আহত হয়ে পড়ে থাকলে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, চুল কাটানোর জন্য সেলুনের সামনে যাওয়ার পরই ফরহাদের ওপর হামলা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তার বিয়ে হয়। তবে তার কোনো সন্তান ছিল না।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, রায়েরবাজারকেন্দ্রিক পাটালি গ্রুপের সঙ্গে আরেকটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের অভিযোগ রয়েছে। নিহত ফরহাদের বিরুদ্ধেও মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF