Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক | বাস্তব কন্ঠ

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দায়িত্বরত পুলিশ সদস্যদের বরাতে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণের ওই এলাকায় ককটেল নিক্ষেপ করে দ্রুত সরে যায়। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থান নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার আসামিরা পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে।

মামলাটিতে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়।

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ প্রবেশপথের সামনে বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF