Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বাস্তব কন্ঠ

ডোপ টেস্টে নিষিদ্ধ মাদকজাতীয় উপাদানের উপস্থিতি পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর নমুনা পরীক্ষায় বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে শুরু হওয়া ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে তিনি পুলিশ সদর দপ্তর থেকে ছাড়পত্র নিয়ে সেখানে যান।

কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি তাঁর মাদক পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।

সরকারি আদেশে বলা হয়েছে, ডিএসসিএসসি কোর্স চলাকালে মাদক পরীক্ষায় এমন ফলাফল পাওয়া প্রশিক্ষণ কোর্সের শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের ঘটনা অসদাচরণ হিসেবে বিবেচিত এবং শাস্তিযোগ্য।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী থাকবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF