Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে, পানিবন্দি ৪ হাজার ৩৫০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে, পানিবন্দি ৪ হাজার ৩৫০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এতে জেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এরই মধ্যে প্রায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিন নদীর পানিই এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার এবং মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি ৭ সেন্টিমিটার করে বেড়েছে।

বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মহানন্দা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ০৫ মিটার এবং পুনর্ভবা নদীর পানি ২ দশমিক ০২ মিটার নিচে রয়েছে।

পদ্মার পানি বাড়তে থাকায় জেলার সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বেশ কিছু নতুন এলাকা পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্লাবিত এলাকায় কোথাও কোথাও সড়ক, বসতঘর, দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। পানির নিচে চলে গেছে বিভিন্ন ফসলি জমিও। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ভোগ।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী জানিয়েছেন, নদীর পানি বাড়তে থাকায় জেলার ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, নদীগুলোতে পানি বাড়ার গতি এরই মধ্যে কিছুটা কমেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত বন্যার আশঙ্কা নেই। আগামী দুই দিনের পর নদীগুলোর পানি কমতে শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পানি কমার অপেক্ষায় থাকা নদীতীরবর্তী মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও নতুন করে পানি ঢুকে পড়া এলাকাগুলোতে দুর্ভোগ অব্যাহত রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF