নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিরোধের জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
নিহত পুলিশ কর্মকর্তার নাম আলতাব হোসেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এসআই হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা চলছিল। এ সময় আলতাব হোসেন ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে বিরোধিতায় এগিয়ে গেলে একপর্যায়ে কয়েকজন তার ওপর চড়াও হয়। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
আলতাব হোসেনকে উদ্ধারের জন্য তার ছোট ছেলে আরিফুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার অবস্থাও সংকটাপন্ন।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রাথমিক পর্যবেক্ষণে আলতাব হোসেনের কপাল ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত ছিল, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।