Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : এক ক্লিকেই সর্বশান্ত: সোশ্যাল মিডিয়ায় 'পর্নো অ্যাপ' ছড়িয়ে ফোন হ্যাক করছে সাইবার অপরাধীরা

এক ক্লিকেই সর্বশান্ত: সোশ্যাল মিডিয়ায় 'পর্নো অ্যাপ' ছড়িয়ে ফোন হ্যাক করছে সাইবার অপরাধীরা

স্মার্টফোনে অনলাইন বিজ্ঞাপনে অসতর্কভাবে ক্লিক করার অভ্যাস ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভুয়া অ্যাপের বিজ্ঞাপন ব্যবহার করে সাইবার অপরাধীরা ফোনে ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনে হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের আড়ালে ক্ষতিকর অ্যাপের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড করলে অজান্তেই ফোনে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে।

এ বিষয়ে সতর্ক করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র। সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সন্দেহজনক অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করা হচ্ছে। তবে এসব অ্যাপ সাধারণত গুগল প্লে স্টোরের মতো অনুমোদিত অ্যাপ স্টোরে পাওয়া যায় না। বরং ব্যবহারকারীদের অপরিচিত ওয়েবসাইটে নিয়ে গিয়ে অ্যাপ ইনস্টল করতে বলা হয়।

সতর্কবার্তায় নাইট প্লে, রিলুপ, কিস, ভিমো, রিভো, নেক্সো ও ভিক্সা নামের কয়েকটি অ্যাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অ্যাপ ইনস্টল করার পর ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহারের জন্য বিশেষ অনুমতি চাওয়া হতে পারে। ব্যবহারকারী অনুমতি দিয়ে দিলে ম্যালওয়্যারটি ফোনের বিভিন্ন তথ্য ও কার্যক্রমে প্রবেশের সুযোগ পেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর অ্যাপ প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর আড়ালে থেকে ফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ ফিচার নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি হয়।

শুধু তথ্য চুরিই নয়, কিছু ম্যালওয়্যার ফোনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন কনফিগার করে ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগকে অপরাধীদের নিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমে পরিচালনার চেষ্টা করতে পারে। এর ফলে ব্যক্তিগত তথ্য ফাঁসের পাশাপাশি ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য ডিজিটাল লেনদেনে অননুমোদিত হস্তক্ষেপের ঝুঁকি বাড়তে পারে।

যেভাবে নিরাপদ থাকবেন

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা অপরিচিত বা সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কোনো অ্যাপ প্রয়োজন হলে সেটি নির্ভরযোগ্য ও অনুমোদিত অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করা উচিত।

এ ছাড়া অ্যাপ ইনস্টলের সময় চাওয়া অনুমতিগুলো ভালোভাবে যাচাই করতে হবে। অ্যাপটির কাজের সঙ্গে সম্পর্ক নেই—এমন কোনো অনুমতি অপ্রয়োজনীয়ভাবে দেওয়া উচিত নয়।

সাইবার অপরাধীদের ফাঁদ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতন থাকা। আকর্ষণীয় বিজ্ঞাপন, অচেনা লিংক কিংবা বিনামূল্যে বিশেষ সুবিধার প্রলোভনে অ্যাপ ডাউনলোড করার আগে উৎস ও নিরাপত্তা যাচাই করা জরুরি।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF