Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

সংবাদ শিরোনাম : স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ বাছাই করে প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ বাছাই করে প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর


​নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে সৎ ও ভালো মানুষকে প্রার্থী হিসেবে রূপায়িত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের মানুষ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে। সরকারি কোনো কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

​গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে চলমান বহুমুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি ও চক্রান্তকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে বলেও সতর্ক করেন তিনি।

​জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, সংসদ অধিবেশন ছাড়া বাকি সময় এলাকায় থেকে সরাসরি জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। এছাড়া বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

​সভায় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদ সদস্যসহ পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

​এদিকে রাতে রহমতগঞ্জের পূজামণ্ডপে যাওয়ার পথে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এক নারী ব্যাংকার কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরবর্তীতে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। সভা শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF