Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন তিনি

মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন তিনি

বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬

​মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম আরও জোরদার ও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এই লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সামাজিক সংগঠন গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

​আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

​ফেসবুক পোস্টে ঢাকা-৬ আসনের অধিবাসীদের উদ্দেশ্যে ইশরাক হোসেন লেখেন, “প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতাও নেবে।”

​এলাকার জনসংখ্যা ও পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ জনগণ সরাসরি সম্পৃক্ত না হলে কেবল একক কোনো সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

​সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখ করে তিনি আরও লেখেন, “এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।”

​উদ্যোগটির পথে সম্ভাব্য বাধা ও গণমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে তারা, যারা এ ধরনের (মাদক ও অপরাধমূলক) ব্যবসার সঙ্গে যুক্ত। তবে একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।”

​এলাকাবাসী ও ভোটারদের প্রতি আশ্বস্ত করে তিনি বলেন, “আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব।”

​স্ট্যাটাসের শেষাংশে তিনি দেশের তরুণ সমাজের ওপর আস্থা রেখে লেখেন, “আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF