কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ভেসে গেছেন পর্যটকদের একটি দল। উত্তাল ঢেউয়ের স্রোতে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুইজন পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার ‘মারিনা রিসোর্ট’-এর জাদুঘর সংলগ্ন সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের তীব্র ঢেউ ও স্রোতের তোড়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যান।
ঘটনার পরপরই স্থান স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। পরে সৈকতের ঘটনাস্থল থেকে ৩ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, এখনও পর্যন্ত আরও ২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ডাইভারদের সমন্বয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এই পয়েন্টে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।