Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক

পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক


​সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় গান গাওয়ার অপরাধে জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ‘ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে’ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। দায়িত্ব পালনকালে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিরাপত্তার দায়িত্ব ছেড়ে অফিশিয়াল পোশাক (ইউনিফর্ম) পরেই গান পরিবেশন করেন।

​পরবর্তীতে তার গান গাওয়ার সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে এসএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

​এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF