বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের ওই সরকারি পুকুরে বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একদল লোক ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছগুলো লুটের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।
সংবাদ পাওয়ার পরপরই বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে দ্রুত ঘটনাস্থলে পাঠান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ লুটের চেষ্টা ভণ্ডুল হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, "ঘটনা জানার সাথেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি সম্পদের ওপর কারও অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না। সরকারি নিয়মানুযায়ী পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।"
তবে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম দাবি করেন, "আমি টাকা দিয়ে এই মাছগুলো কিনেছি। ফলে অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের যে কথা বলা হচ্ছে, তা সত্য নয়।"
এদিকে, স্থানীদের সচেতনতা এবং প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে সরকারি সম্পদ রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সাথে আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরে বেআইনিভাবে সেচ বসিয়ে মাছ দখলের চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন জনগণ।