চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মালিক। আজ সোমবার দুপুরে নিহত বিড়ালটির মরদেহ খাঁচায় বন্দী করে চকরিয়া থানায় নিয়ে ন্যায়বিচারের দাবি জানান তিনি।
ভুক্তভোগী পশুপ্রেমী মালিকের নাম শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম, যিনি শামশুল আলমের প্রতিবেশী।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শামশুল আলম দীর্ঘদিন ধরে পরম যত্নে দুটি বিড়াল লালন-পালন করে আসছিলেন। আজ সোমবার সকালে তিনি বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বাঁধতে গেলে তাঁর একটি পোষা বিড়ালও পেছন পেছন যায়। ওই সময় প্রতিবেশী ফিরোজা বেগমের একটি পোষা কুকুর বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে শামশুল আলম কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনাস্থলে আবেগাপ্লুত হয়ে বিড়ালের মালিক শামশুল আলম বলেন, "বিড়ালগুলো আমার সন্তানের মতো ছিল। অনেক আদর-যত্নে ওদের বড় করেছি। এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা আমার বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেলল। আমি এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো অবলা প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা চালানোর সাহস না পায়।"
এ বিষয়ে চকরিয়া থানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।