Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা

চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা


​পৌর প্রতিনিধি, চাটখিল:

নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির চরম দায়িত্বহীনতায় এক সাধারণ গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। অস্বাভাবিক ও অসঙ্গতিপূর্ণ এই ‘ভুতুড়ে’ বিল হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

​জানা গেছে, চাটখিলের প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত মিটারটি বর্তমানে ব্যবহার করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম ওরফে রনি। তিনি জানান, বিগত ৫ মাস ধরে তাঁদের পরিবারে গড়ে মাসে মাত্র ১৮৭ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। বাসাবাড়িতে সাধারণ লাইট ও ফ্যান ব্যবহার করা সত্ত্বেও সেপ্টেম্বর মাসের বিলে হঠাৎ করেই ৬ হাজার ইউনিট ব্যবহার দেখানো হয়।

​ভুক্তভোগী শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। বিদ্যুৎ বিল প্রস্তুতকারকদের চরম গাফিলতির কারণেই এমনটা হয়েছে। তাদের ভুলের জন্য আমাদের অফিসে অফিসে ঘুরতে বলা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

​এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিলটির সত্যতা যাচাই করে ভুতুড়ে বিলের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ভুলবশত এ ঘটনাটি ঘটেছে। দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের বাড়ি গিয়ে মিটার পরীক্ষা এবং বিল সংশোধন করে দেওয়া হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF