Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী


​রাজশাহী প্রতিনিধি:

নাটোরে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়া এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে ছেড়ে আসা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।

​বনপাড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​পরিচয় মিলেছে ৮ জনের:

দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৮ জনের পরিচয় সনাক্ত করা গেছে। তাঁরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), সালাম (৪৫) ও শাহিন হোসেন (২৫); আব্দুর সামাদ ফকির; রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সোহেল রানা (৪০) [বাস চালক]; বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৮ বছরের শিশু তাসফিয়া খাতুন।

​চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম:

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের নাটোর সদর হাসপাতাল, স্থানীয় ক্লিনিক ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

​যাত্রীদের লোমহর্ষক বর্ণনা ও অভিযোগ:

দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের কণ্ঠে ফুটে উঠেছে চরম আতঙ্ক ও অব্যবস্থাপনার চিত্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আহত যাত্রী তামিম বলেন, “বাসে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় শতাধিক যাত্রী ছিল। সিট না পেয়ে আমি গেটে বসেছিলাম। দুর্ঘটনার পর আমার ওপর আরও তিনজন পড়েছিল, পা আটকে গিয়েছিল লোহার সঙ্গে। কী যে ভয়ংকর অবস্থা, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

​আহত যাত্রীরা অভিযোগ করেছেন, বাসে অতিরিক্ত যাত্রী তোলার পাশাপাশি দুর্ঘটনার সময় মূল চালকের আসনে ছিলেন না কোনো অভিজ্ঞ ড্রাইভার। বাসের হেলপারের বরাত দিয়ে ঝিনাইদহ জনতা ব্যাংকের কর্মকর্তা ও আহত যাত্রী জুয়েল কিবরিয়া জানান, দুর্ঘটনার সময় মূল চালকের পরিবর্তে বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার।

​বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তামিম, জুয়েল কিবরিয়া, আব্দুর নূর, চিরঞ্জিত, শহিদুল ইসলাম, সিয়াম, মজনু, ফজলু হক, ডা. এস এম মুশফিকুর রহমান, তাওহীদ, ববি, শামীম, ডালিম, ইমা, নার্গিস, নেহাল ও জুলফিকারসহ অন্তত ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF