Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা

দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২০ অক্টোবর ২০২৬

​মঙ্গলবারে (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।

​সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।

​প্রধানমন্ত্রীর এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, “বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কখনো রাজশাহী আসেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তিনি তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জনসভায় রাজশাহীবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।”

​জনসভায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হবে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে রয়েছে—

  • ​রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা।
  • ​রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু করা।
  • ​রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা।

​নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রধানমন্ত্রীর সফরকে সফল ও নিরাপদ করতে বিমান অবতরণের স্থান, ভিআইপিদের যাতায়াতের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস এবং জনসভাস্থলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF