Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার


​বিশেষ সংবাদদাতা, বগুড়া:

বগুড়ায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১,৭০০ পিস ইয়াবাসহ মো. মাহাবুব হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

​রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃত মাহাবুব হাসান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী গ্রামের মৃত কালাম আলীর ছেলে।

​সোমবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘যমুনা লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ডিএনসির টিম। এ সময় বাসের যাত্রী মাহাবুব হাসানের সন্দেহভাজন আচরণে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা খামের ভেতর জিপারযুক্ত পলি প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ১,৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করে আভিযানিক দল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​তিনি আরও বলেন, "সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির এ ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF