Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬

শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬
শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে জেলেরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিযানে থাকা কর্মকর্তাদের ওপর চড়াও হয়। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা পৌঁছে অভিযান জোরদার করলে হামলাকারী জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে ৩৬ জন জেলেকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, হামলাকারী জেলেদের একটি অংশ কিছু সময়ের জন্য উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিল, পরে যৌথ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, আমরা পদ্মা নদীতে অবস্থান করে ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, পালেরচর এলাকায় অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইটপাটকেল ছুড়েছিল। পরে অভিযান জোরদার করা হলে তারা পালিয়ে যায়। এ সময় আমরা ৩৬ জন জেলেকে আটক করি।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, আসলে বিষয়টিকে সরাসরি আমার ওপর ব্যক্তিগত হামলা হিসেবে দেখছি না। মূলত সরকারি অভিযান প্রতিহত করতেই তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF