ঢাকা: মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিয়ে আলোচনার জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্ক্রলে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হয়।
সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বৈঠককালেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার এই খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইশরাক হোসেনের দপ্তর। একই সঙ্গে এ ধরনের খবর ও গুঞ্জনে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পটভূমি:
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় ব্যক্তিগতভাবে মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রতিমন্ত্রীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে আটক করার নির্দেশ দিচ্ছেন। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দেওয়ার পাশাপাশি তার দেহরক্ষীদের এক তরুণকে লাথি মারতে দেখা যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর নিজস্ব অস্ত্র উঁচিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো ব্যক্তিগতভাবে অভিযান চালানোর এখতিয়ার নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠে।
ডিএমপির তদন্ত নির্দেশ:
ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটির বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে। তদন্তে কোনো আইনগত ব্যত্যয় বা বিধিভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।