Logo
প্রিন্টের তারিখ: 18 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া!

এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া!


​আন্তর্জাতিক ডেস্ক

​সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম এবং সবশেষে বিয়ের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের যথাসর্বস্ব বিক্রি করে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী এডিমার মার্তিনস। কিন্তু গন্তব্যে পৌঁছে তিনি যে সত্য জানতে পারলেন, তা যেন কোনো থ্রিলার গল্পের চিত্রনাট্যকেও হার মানায়। তার স্বপ্নের রাজকন্যা বাস্তবের কোনো রক্তমাংসের মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র!

​সম্প্রতি ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। প্রতারণার শিকার এডিমার মার্তিনস পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও প্রদেশের বাসিন্দা।

​স্থানীয় সম্প্রচারমাধ্যম ‘টিভি মিরান্তে’ ও ‘এনডিটিভি’র তথ্য অনুযায়ী, ২০২০ সালে মার্তিনসের মায়ের মৃত্যুর পর তিনি তীব্র একাকিত্বে ভুগছিলেন। ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে 'জেসিকা অলিভেইরা' (জেসিকা ফাজেন্দেইরা নামেও পরিচিত) নামের এক নারীর প্রোফাইল তার নজরে আসে। তিন লাখেরও বেশি অনুসারী থাকা ওই অ্যাকাউন্টে খামারে সুন্দর গ্রামীণ জীবনযাপনের দৃশ্য প্রকাশ করা হতো। পাশাপাশি পুরুষদের সেখানে এসে থাকার আমন্ত্রণ জানিয়ে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হতো।

​মার্তিনসের বিশ্বাস জন্মায়, এই নারীই তাকে নতুন জীবন দিতে পারবেন। ভিডিওতে দেওয়া আশ্বাসে ভরসা পেয়ে তিনি তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। গত ৯ অক্টোবর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস প্রদেশের বেলো হরিজন্তে পৌঁছানোর খরচ জোগাতে নিজের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেন মার্তিনস। এরপর টানা এক দিনেরও বেশি সময় বাসে ভ্রমণ করে ১১ অক্টোবর কাঙ্ক্ষিত শহরে পৌঁছান।

​তবে শহরে পৌঁছেই শুরু হয় চরম বিপত্তি। নারীর ছবি হাতে নিয়ে মার্তিনস পথচারীদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। অবশেষে উপায় না পেয়ে তিনি একটি স্থানীয় রেডিও স্টেশনে যান। সেখান থেকেই তাকে জানানো হয়, এই নারীর কোনো বাস্তবিক অস্তিত্ব নেই—অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়া এবং চরিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

​নিজের ভুল বুঝতে পেরে চরম মানসিক ধাক্কা খান মার্তিনস। আক্ষেপ করে তিনি বলেন, "এ ধরনের ঘটনায় শুধু দুঃখ, হতাশা আর বিষণ্নতাই জোটে। মানুষ হিসেবে আমি শুধু একটা সম্পর্ক চেয়েছিলাম।"

​পরবর্তীতে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পেছনের ব্যক্তি স্বীকার করেন যে, চরিত্রটি এআই প্রযুক্তিতে নির্মিত। তবে মার্তিনসের সাথে সরাসরি কোনো যোগাযোগের কথা তিনি অস্বীকার করেন। বর্তমানে নিঃস্ব ও অর্থহীন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় দিন কাটাচ্ছেন মার্তিনস।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF