মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ৪৫ থেকে ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজিপাড়ার ওই তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা গাজিউর রহমান (৫৫)। তার বাবার নাম মৃত সুলতান মিয়া। অগ্নিকাণ্ডে গোডাউনের পুরো মালামাল পুড়ে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।