মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির সূচনা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পিটিআই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে নিয়মিত মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসের বিকল্প নেই। তবে সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতনতা সবচেয়ে জরুরি।" তিনি সবাইকে নিজ নিজ বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং পানি জমে থাকা রোধ করার আহ্বান জানান।
পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারী।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশার ওষুধ ছেটানোই যথেষ্ট নয়, বরং এডিস মশার বংশবিস্তারের উৎস ধ্বংস করতে হবে। ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে জমকালো পানি নিয়মিত পরিষ্কারের মাধ্যমে নাগরিক সচেতনতা গড়ে তুলতে পারলেই ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।