কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার নাগরিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আনিছুর রহমান। তিনি বলেন, সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সবার বাসযোগ্য ও ব্যবহারের উপযোগী করে রাখতে হলে সবাইকে মানসিকভাবে সচেতন হতে হবে।
সম্প্রতি কালকিনিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আনিছুর রহমান আরও বলেন, "নাগরিক সেবা গ্রহণ করতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো মনে করতে হবে। দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের সার্বিক পাশে থাকতে চান আমাদের নেতা তারেক রহমান। তার কর্মী হিসেবে আমরাও জনগণের পাশে থাকতে শতভাগ বদ্ধপরিকর। তবে এই লক্ষ্য বাস্তবায়নে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।"
উক্ত কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির মূলধারার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
এছাড়াও বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশ নেন।