আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬
দীর্ঘ ১১ বছরের টানা গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের পর অবশেষে আকাশে উড়ল মার্কিন প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিকস-এর উদ্ভাবিত উড়ন্ত গাড়ি। সম্প্রতি অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ‘রোডস্টার’ ও ‘সাইবারট্রাক’-এর ওপর দিয়ে নিজেদের বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি উড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক ভিডিও প্রতিবেদনে এই চোখধাঁধানো উড্ডয়নের দৃশ্য তুলে ধরা হয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিকস এই সফল উড্ডয়নের পর টেসলার প্রধান ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠানকে রসিকতার ছলে খোঁচা দিয়ে বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বাগত জানিয়েছে।
আলেফ কর্তৃপক্ষের দাবি, উড়ন্ত গাড়ি তৈরির এই প্রতিযোগিতায় তারা দীর্ঘ ১১ বছর ধরে প্রায় একাই কাজ করে আসছিল। এতদিনের প্রযুক্তিগত প্রচেষ্টা ও অপেক্ষার পর অবশেষে বাস্তবে রূপ পেল তাদের এই ড্রিম প্রজেক্ট। এর আগে টেসলা তাদের নতুন রোডস্টার গাড়ি আকাশে ওড়ানোর সক্ষমতার কথা জানিয়ে প্রদর্শনী করেছিল। তবে এবার আলেফ তাদের বৈদ্যুতিক গাড়ি সরাসরি রোডস্টার ও সাইবারট্রাকের ওপর দিয়ে উড়িয়ে নিজেদের সক্ষমতার জোরালো প্রমাণ দিল।
উড়ন্ত গাড়ি প্রযুক্তির এই নতুন যুগে প্রবেশ নিয়ে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী ও অটোমোবাইল বোদ্ধাদের মাঝে ব্যাপক উৎসুক্যের সৃষ্টি হয়েছে। আলেফের এই সাফল্য ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।