স্টাফ রিপোর্টার:
রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড় ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে বাসে কোনো শিক্ষার্থী না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে থাকা অন্য একটি বাসে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে ছড়িয়ে পড়ে।
ঘটনা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, "গতকাল (শনিবার) আমরা বাসটি ডেমরার গ্যারেজে মেরামতের জন্য দিই। আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেরামতের কাজে নিয়োজিত থাকায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না, ফলে কেউ আহত বা হতাহত হয়নি।"
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হাসান। তিনি গ্যারেজ কর্মীদের বরাতে জানান, সকালের দিকে গ্যারেজে ‘বনশ্রী পরিবহন’ নামের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজ করার সময় হঠাৎ বনশ্রী পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। দ্রুতই সেই আগুন পাশে পার্ক করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসটির ছাদে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুন লাগার পর গ্যারেজ কর্মীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। জবির বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও দরজার গেট বন্ধ থাকায় তা গ্যারেজ থেকে বের করা সম্ভব হয়নি।
বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া জানান, বাসটি মেরামতের জন্য ডেমরার গ্যারেজে দেওয়া হয়েছিল এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।