নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটে চোরাচালান রোধে কড়াকড়ির অংশ বড় একটি চালান আটক করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছানো এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
আটককৃত ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিমানবন্দর ও গোয়েন্দা সূত্র জানায়, আজ ভোরে ওই যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তার গতিবিধি ও আচরণ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক মনে হয়। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ তত্ত্বাবধানে তার ব্যাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে আরও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের মোট পরিমাণ ৫৬৬ গ্রাম।
বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা এসব স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।