আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর কারণ মনে করা হলেও এর নেপথ্যে অন্য কোনো কারণ বা পারিবারিক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান লাদ্দু (১১), মিষ্টি (৭) ও সক্ষত (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে পরিবারের সবাই মিলে নুডলস খেয়ে ঘুমাতে যান। পরদিন সকালে তিন সন্তানের একজনের পরীক্ষা থাকা সত্ত্বেও তাদের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে পাঁচজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, জ্যেষ্ঠ কর্মকর্তা, খাদ্য সুরক্ষা দপ্তর ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পর ফোরেনসিক টিম আলামত সংগ্রহ করে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ সারণ কুমার সিং জানান, ঘটনাটি বিষক্রিয়া নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং জানিয়েছেন, খাবারে বিষের অস্তিত্ব ছিল কি না তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
তবে ঘটনার পেছনে নতুন মোড় এনেছেন নিহত মহেশের শ্যালিকা। তিনি দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত একটি বিবাদ নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ খাদ্যে বিষক্রিয়ার পাশাপাশি পারিবারিক বিরোধের কোণ থেকেও ঘটনাটি তদন্ত করে দেখছে।