নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট থেকে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর সময় তাসলিম অপু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের দায়িত্বরত সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
মহাখালী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের সামনে 'আজমেরী বাস'-এর যাত্রী নুরুল আমিনের পকেট থেকে ৫০ হাজার টাকা কৌশল চুরি করে পলায়নের চেষ্টা চালান তাসলিম অপু। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নুরুল আমিন ও আশপাশের কয়েকজন লোক তাকে ধাওয়া করেন।
এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও অন্যান্য ট্রাফিক সদস্যরা বিষয়টি দেখতে পান। এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরাও ধাওয়ায় যোগ দেন। একপর্যায়ে ধাওয়া করে তাসলিম অপুকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
পরবর্তীতে গ্রেফতার তাসলিম অপুকে আইনানুগ ব্যবস্থার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।