Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত চিরুনি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না; এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলে তার শাস্তি আরও কঠোর হবে।

​মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহের ৬ জনকে আটক করা হয়।

​অভিযানকালে স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, “এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তারা যে দলেরই হোক, যদি আমার দলের হয়—তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।”

​মাদকের করাল গ্রাসে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক সরবরাহ করে, তাদের আটক করতে সহায়তা করবে—এমন ব্যক্তিদের আমি মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে, যা সারা বাংলাদেশে চলবে। বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।”

​অভিযানের সময় আটক ব্যক্তিরা কান্নাকাটি ও হাতজোড় করে ক্ষমার আকুতি জানালে তাদের আইনি প্রক্রিয়ার আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “তোমাদের গায়ে কেউ হাত দেবে না। তোমরা থানায় যাবে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।”

​এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে ৬ জনকে আটক করে থানায় ফোন দেন। পরবর্তীতে থানা থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।

​ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। এগুলো আসলেই হেরোইন কি না, তা ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF