শাফায়েত হোসেন, নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, দখলবাজি ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনের নাম ভাঙিয়ে বা কারাবন্দী কেন্দ্রীয় নেতা আলী কাওসার পিন্টুর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মোহাম্মদপুরের সোনারটেক বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শ্রমিক দলের মাঠপর্যায়ের নেতাকর্মীরা মাইকিং করে সর্বসাধারণকে সচেতন করার এমন উদ্যোগ নেন।
মাইকিং ও প্রচারণায় শ্রমিক দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধ দখলবাজি কিংবা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তার কোনো দায়ভার সংগঠন নেবে না। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক দলের নেতারা বলেন, "আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুনির্দিষ্ট বার্তা পৌঁছাতে চাই। দলের নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে, তদন্ত সাপেক্ষে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। অপরাধী যে-ই হোক, তার সঙ্গে শ্রমিক দলের প্রকৃত নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।"
তারা আরও জানান, কারাগারে থাকা নেতা আলী কাওসার পিন্টুর সঙ্গে সাক্ষাতের পর তাঁর নির্দেশনাক্রমেই এ সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার নাম ব্যবহার করে সুবিধা আদায়কারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজর রাখার আহ্বান জানানো হয়।
এদিকে শ্রমিক দলের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এ ধরনের জনসচেতনতামূলক মাইকিংয়ের ফলে অপরাধীদের তৎপরতা কমবে। স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, "রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা চাঁদাবাজদের দমন করা গেলে সাধারণ ব্যবসায়ী, প্লট মালিক ও বাড়িওয়ালারা শান্তিতে ব্যবসা ও বসবাস করতে পারবেন।"
মোহাম্মদপুরের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান ও নিরপেক্ষ তদন্ত চালানোর জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।