Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান


​নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬

​বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

​এসআরবি-২-এর অধিনায়ক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দ্রুত সহায়তার জন্য স্পেশাল হটলাইন নম্বর চালু করা হয়েছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অপপ্রচার রূখে দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে নয়মুল হাসান বলেন, গুজব প্রতিরোধে সাইবার ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

​সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, "দেশে কোনো সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে বৈচিত্র্যের একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

​পূজার শেষ মুহূর্তের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে তিনি আরও জানান, বিজয়া দশমী যত এগিয়ে আসবে, মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় তত বৃদ্ধি পাবে। দর্শনার্থীদের সুরক্ষায় ভিড় বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তার পরিধি ও কড়াকড়িও আরও বাড়ানো হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF