Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ১৯ পিস ইয়াবাসহ রংপুরে ২ পুলিশ সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১৯ পিস ইয়াবাসহ রংপুরে ২ পুলিশ সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে


​বিশেষ প্রতিনিধি:

​রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।

​এর মধ্যে আসামি ওমর আলী ইতিপূর্বেও মাদকসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। অন্যদিকে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় রুমের খাটের নিচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে মোড়ানো ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট এবং ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরে সেখান থেকেই বরখাস্তকৃত পুলিশ সদস্য ওমর আলী ও কনস্টেবল মিথুল ইসলামকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF