Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ৪ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি

৪ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি

বিশেষ প্রতিনিধি:

টানা চার দিন বন্ধ থাকার পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর জারি করা আগের নির্দেশনার আংশিক পরিবর্তন এনে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো।

​এর আগে, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ ও আনুষঙ্গিক পর্যটন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল জেলা প্রশাসন। সে সময় সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

​এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের খবর পাওয়া গেছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন রাঙামাটির সাজেকগামী পর্যটন সড়কে কোনো অবরোধ থাকবে না।

​প্রশাসনের এই সিদ্ধান্ত এবং অবরোধ স্থগিতের কারণে দুর্গোৎসবের ছুটিতে মেঘের রাজ্য সাজেকে ভ্রমণপিপাসু পর্যটকদের আনাগোনা এবং পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF