Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) তে আধুনিক লিভার ক্যানসার ক্লিনিকের যাত্রা শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) তে আধুনিক লিভার ক্যানসার ক্লিনিকের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা | ১৫ অক্টোবর ২০২৬

​বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) লিভার ক্যানসার রোগীদের জন্য আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুমুখী চিকিৎসাসেবা সমৃদ্ধ ‘লিভার ক্যানসার ক্লিনিক’।

​বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​৬টিরও বেশি বিভাগের সমন্বয়ে বিশেষায়িত সেবা

​নব্য ও আধুনিক এই লিভার ক্যানসার ক্লিনিকে হেপাটোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, রেডিওলজি এন্ড ইমেজিং এবং হেপাটোবিলিয়ারি সার্জারিসহ ৬টিরও বেশি সম্পর্কিত বিভাগের বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন।

​উল্লেখ্য, হেপাটোলজি বিভাগের পরিচালনায় চলতি বছরের আগস্ট মাস থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছিল। আজ তা আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রূপ লাভ করলো। এখন থেকে লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রাথমিক মূল্যায়ন, রোগের পর্যায় নির্ধারণ, সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নির্বাচন ও পর্যবেক্ষণের কাজটি একক প্ল্যাটফর্ম থেকে আরও সুসংগঠিতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

​ক্যানসার সচেতনতা ও বৈজ্ঞানিক সেমিনার

​উদ্বোধনের পাশাপাশি ‘লিভার ক্যানসার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে একটি বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।

​সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন:

  • ​অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন (চেয়ারম্যান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বিএমইউ)
  • ​অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক (রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, বিএমইউ)
  • ​ডা. মো. আসাদুজ্জামান নূর (সহযোগী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ, এনাম মেডিক্যাল কলেজ)

​'প্রাথমিক শনাক্তকরণই লিভার ক্যানসার নিরাময়ের চাবিকাঠি'

​প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন,

​"লিভার ক্যানসার বর্তমানে দেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। তবে ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ফলাফল অনেকাংশে উন্নত করা সম্ভব। এ ধরনের সমন্বিত ক্লিনিক চালুর ফলে দেশে লিভার ক্যানসার চিকিৎসার মান বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণের নতুন সুযোগ তৈরি হবে।"


​তিনি লিভার ক্যানসার মোকাবিলায় চিকিৎসাশাস্ত্রের আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF