গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপ থেকে একটি কৌতূহলোদ্দীপক বস্তু কুড়িয়ে নিতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন নূর মোহাম্মদ (৪৫) নামে এক স্থানীয় আসবাবপত্র ব্যবসায়ী। বস্তুটির ‘সেফটি রিং’ খুলে ফেলা মাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে তার এক হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে সাটিয়াবাড়ী বাজারের নূর মডেল স্কুলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত নূর মোহাম্মদকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনের ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান ওই ব্যবসায়ী। এ সময় ময়লার স্তূপে পড়ে থাকা অজ্ঞাত একটি বিস্ফোরকসদৃশ বস্তুর দিকে তার নজর যায়। বস্তুটি কী—তা চিনতে না পেরে সাধারণ কৌতূহল থেকে তিনি সেটি হাতে তুলে নেন। একপর্যায়ে তিনি বস্তুটির গায়ে থাকা ‘সেফটি রিং’ টেনে খুলে ফেললে সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে তার এক হাত গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং হাতের চারটি আঙুল উড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে বস্তুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো বিস্ফোরক ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বস্তুটি কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।