Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : জাজিরার জয়নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

জাজিরার জয়নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা


​শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​যেসব দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে:

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—

১. বিল্লাল খানের মিষ্টির দোকান

২. জহির মাদবরের ফলের দোকান

৩. জাবেদ খানের খান ফার্মেসি

৪. সাইদুল মাদবরের মুদি দোকান

৫. মো. আরিয়ানের মোবাইলের দোকান

৬. মো. রবিউলের সেলুন

৭. সুজনের মুদি দোকান

​আগুন ও তাপে এসব দোকানের সমস্ত মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

​জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাফর শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

​তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সময়োচিত ও দ্রুত পদক্ষেপের কারণে বাজারের অন্তত ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আল্লাহর রহমতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF