Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ই-জাতীয় সংসদ প্রকল্প: ১০ সদস্যের কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল

ই-জাতীয় সংসদ প্রকল্প: ১০ সদস্যের কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল


​জাতীয় সংসদ সচিবালয় থেকে:

​জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

​স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​১০ সদস্যের এ কমিটিতে সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জকে সদস্য করা হয়েছে। এছাড়া কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

​সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক কার্যক্রম গ্রহণ করা। কাজের সুনির্দিষ্ট প্রয়োজনে ভবিষ্যতে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার বিধান রাখা হয়েছে।

​ই-জাতীয় সংসদ প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় সংসদের প্রশাসনিক ও সংসদীয় সার্বিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে, যা সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF