Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : দারিদ্র্যকে জয় করে জাতীয় দলে খেলার স্বপ্ন: স্পনসর ও ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা চায় মুকসুদপুরের আঁখি

দারিদ্র্যকে জয় করে জাতীয় দলে খেলার স্বপ্ন: স্পনসর ও ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা চায় মুকসুদপুরের আঁখি

বিশেষ প্রতিনিধি | মুকসুদপুর (গোপালগঞ্জ):

​দারিদ্র্য ও অনটনকে পেছনে ফেলে দেশের ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার। গোলকিপার কিংবা মাঠের ফরোয়ার্ড—যেখানেই সুযোগ মিলেছে, নিজের ক্ষুরধার প্রতিভা প্রমান করেছে এই কিশোরী। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এখন মূল দেয়াল হয়ে দাঁড়িয়েছে চরম আর্থিক সংকট।

​কৃষক ও জেলে বাবার সন্তান আঁখির ফুটবলের প্রতি ভালোবাসার সূচনা পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে। নিজের মেধা ও কঠোর পরিশ্রমের জোরে ইতিমধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতাসহ স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে আটটিরও বেশি পুরস্কার অর্জন করেছে সে। তার নৈপুণ্য মুগ্ধ করেছে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীকে।

​তবে স্বপ্ন ও বাস্তবতার দূরত্বের কথা তুলে ধরে আবেগাপ্লুত আঁখি বলে, “আমার স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা এবং দেশের মুখ উজ্জ্বল করা। মা-বাবার কষ্ট দূর করে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু একটি ভালো ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে আধুনিক প্রশিক্ষণ নেওয়ার সামর্থ্য আমাদের নেই।”

​প্রতিবেশীরা জানান, পরিবারের চরম টানাপোড়েনের মধ্যেও আঁখির উদ্দীপনা কমেনি। সুযোগ পেলে সে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে তাদের দৃঢ় বিশ্বাস। আঁখি জানায়, সে নিয়মিত অনুশীলনের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চায়।

​নিজের মেধার বিকাশ ঘটাতে কোনো ক্রীড়া একাডেমি, সমাজের বিত্তবান ব্যক্তি, ক্রীড়া সংগঠন এবং সরাসরি ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ ও আর্থিক পৃষ্ঠপোষকতা কামনা করেছে এই কিশোরী।

​একটি প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় ক্রীড়াবিদের এই লড়াই কেবল ফুটবলার হওয়ার গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক অদম্য সংগ্রামের চিত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানরা এগিয়ে এলে আঁখির মতো উদীয়মান প্রতিভারা দেশের ফুটবলের মূলধারায় যুক্ত হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়ামোদী মহল।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF