শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডি.এম.খালী বাজারসংলগ্ন এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডি.এম.খালী বাজারের কাছে অবস্থিত ব্র্যাক অফিস ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যান দুটির মধ্যে একটি 'ইয়ামাহা এফজেড-ভি২' (Yamaha FZ-V2) এবং অপরটি 'বাজাজ ডিসকভার' (Bajaj Discover)। গাড়ি দুটির মালিক স্থানীয় বাসিন্দা তুহিন আহমেদ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. ফয়সাল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভবনের নিচতলায় হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং ফায়ার সার্ভিস বা স্থানীয়রা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মোটরসাইকেল দুটি পুড়ে ছাই হয়ে যায়।
এটি কোনো পরিকল্পিত নাশকতা নাকি অন্য কোনো দুর্ঘটনার কারণে ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন এবং অপরাধমূলক কিছু ঘটে থাকলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক ও স্থানীয় বাসিন্দারা।