রাজধানীর তুরাগে অভিযান পরিচালনা করে মাদকসহ চার কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিদয় মির্জা (২৯), ২। মোঃ রতন মিঞা (৩০), ৩। মোসাঃ কুহিনুর বেগম (৩৫) ও ৪। মোছাঃ স্বপ্না বেগম (৩২)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।