নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ৫০০ গ্রাম ভারতীয় ‘ক্রিস্টাল মেথ আইস’ নামক অত্যন্ত মূল্যবান মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, ভারত থেকে মাদকের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় ওঁৎ পাতে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জনসম্মুখে তা ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।