নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে এক বয়স্ক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালিদ হাসান পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইনার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, “সকালে অভিযান চালিয়ে খালিদ হাসানকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮) নামের এক ব্যক্তির ওপর চড়াও হন কয়েকজন পথচারী। এ সময় ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হলে ভুক্তভোগী তরুণীও এর প্রতিবাদ করেন। তবে একপর্যায়ে সাদা শার্ট পরিহিত যুবক খালিদ হাসান অতিউৎসাহী হয়ে ওই বয়স্ক ব্যক্তিকে চড়-থাপ্পড়, লাথি মারতে থাকেন এবং কান ধরে ওঠবস করতে বাধ্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে গণমাধ্যম ও অনলাইনে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। আইনি প্রক্রিয়া ব্যতিরেক নিজ হাতে আইন তুলে নেওয়া ও এক যুবকের অমানবিক আচরণের দৃশ্যটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয় ধানমন্ডি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সকালে খালিদ হাসানকে গ্রেফতার করা হয়।