Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : সচ্ছল ইউপি সদস্য ও বিএনপি নেতার নামে জেলের ভিজিএফ চাল উত্তোলনের অভিযোগ!

সচ্ছল ইউপি সদস্য ও বিএনপি নেতার নামে জেলের ভিজিএফ চাল উত্তোলনের অভিযোগ!


​নিজস্ব প্রতিবেদক, পপিরোজপুর

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

​পিরোজপুরের ইন্দুরকানীর (জিয়ানগর) চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ফকিরের বিরুদ্ধে জেলের কার্ড নিয়ে সরকারি সহায়তার চাল উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আর্থিকভাবে সচ্ছল এবং ফিশিং বোটের মালিক হওয়া সত্ত্বেও তার জেলের তালিকায় নাম থাকা এবং চাল উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত মো. দুলাল ফকির উপজেলার চরবলেশ্বর গ্রামের মৃত খবির উদ্দিন ফকিরের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

​অভিযোগের বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্যজীবীদের সরকারি সহায়তার তালিকাভুক্ত জেলের তালিকায় ৩৮ নম্বর ক্রমিকে মো. দুলাল ফকিরের নাম রয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন কার্যক্রমের আওতায় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল তিনি নিয়মিতভাবে উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অথচ তিনি নিজে একজন বোট মালিক ও মহাজন।

​অভিযুক্তের বক্তব্য

​নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মো. দুলাল ফকির জানান, "আমি একজন মহাজন, সাগরে মাছ ধরার ফিশিং বোট রয়েছে আমার। তবে মহাজন ও জেলে—সবারই জেলে কার্ড পাওয়ার অধিকার রয়েছে। এছাড়া আমি চাল উত্তোলন করে তা অন্য এক জেলেকে দিয়ে দিয়েছি।"

​প্রশাসনের বক্তব্য

​এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "ইউপি সদস্যের নামে জেলে কার্ড বরাদ্দ পাওয়ার বিষয়টি আমার জানা নেই। তালিকাটি যাচাই-বাছাই না করে এ বিষয়ে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়।"

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF