আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র যদি ইরান বা এর স্বার্থে ফের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা এবং সমুদ্রের তলদেশের যোগাযোগ কেব্ল সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার (১১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-কে দেওয়া ৩০ মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন দেশটির নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি পরিকাঠামোয় সম্ভাব্য হামলা, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান কূটনীতিসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
মেজর জেনারেল রেজায়ি জানান, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২ ট্রিলিয়ন (দুই লক্ষ কোটি) ডলারেরও বেশি মূল্যের স্পর্শকাতর প্রযুক্তি সম্পদ ও অবকাঠামো রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির মূল ‘স্পন্দন’ হিসেবে কাজ করে।
তিনি বলেন, “আমরা এখনো এসব সম্পদকে আমাদের হামলাই লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করিনি। তবে নতুন করে সংঘাত বা যুদ্ধ শুরু হলে এসব সাবমেরিন কেব্ল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে।”
ইরানের সামরিক প্রস্তুতি ও সক্ষমতার কথা উল্লেখ করে রেজায়ি বলেন, “সংঘাতের প্রথম সপ্তাহে আমরা আমাদের পুরো সামরিক সক্ষমতা প্রকাশ করিনি। যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে ইরান আরও বিস্তৃত, ব্যাপক এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।”
(তথ্যসূত্র: আল জাজিরা/প্রেস টিভি)