শরিফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও এক জন রোগী ভর্তি হওয়ায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, পূর্বে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ জন। আজ নতুন একজন রোগী ভর্তি হওয়ায় এই সংখ্যা ৪৪-এ পৌঁছায়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মীরুফা তাজনীন সুমি বলেন, "উপজেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। এই মুহূর্তে আমাদের সকলকে অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রতিটি পরিবার যদি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তবেই এ রোগ প্রতিরোধ সম্ভব।"
তিনি আরও জানান, জমে থাকা পানিই এডিস মশার বংশবিস্তারের প্রধান ক্ষেত্র। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগের সমন্বয় ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ প্রকাশ পেলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।